Home রাজ্যমনু বনকুলে ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী বৌদ্ধ মেলার শুভ উদ্বোধন, উন্নয়ন ও সম্প্রীতির বার্তা নেতৃবৃন্দের

মনু বনকুলে ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী বৌদ্ধ মেলার শুভ উদ্বোধন, উন্নয়ন ও সম্প্রীতির বার্তা নেতৃবৃন্দের

by News All Times
0 comments 6 views

 

দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত মনু বিধানসভা এলাকার মনু বনকুলে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী পাঁচ দিনব্যাপী বৌদ্ধ মেলা। বনকুল মহামুনি বৌদ্ধ মন্দির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মেলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবের আমেজ ও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মাইলাফ্রু মগ, শাসক দলের এমডিসি কংজং মগ, সমাজসেবক বিপুল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী ভাষণে মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেন, এই বৌদ্ধ মেলা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনস্থল। এ ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও জানান, রাজ্য সরকার এই এলাকার সার্বিক উন্নয়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও অবকাঠামো ও পর্যটন উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় বিধায়ক মাইলাফ্রু মগ তাঁর বক্তব্যে বলেন, একসময় মনু বনকুল এলাকা তেমন পরিচিত ছিল না। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক বৌদ্ধিস্ট ইউনিভার্সিটি সহ নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা বলা যাচ্ছে, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি জানান, উন্নয়নের ধারাবাহিকতায় মনু বনকুল আজ নতুন পরিচিতি লাভ করেছে।

এমডিসি কংজং মগ তাঁর বক্তব্যে বলেন, বিগত কয়েক বছর ধরে এই বৌদ্ধ মেলা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই মেলার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হচ্ছে। তিনি স্থানীয় জনগণের কাছে আহ্বান জানান—সকলের সহযোগিতায় একটি সুন্দর ও পরিচ্ছন্ন বনকুল গড়ে তোলার জন্য। আগে যেখানে খুব কম মানুষ আসত, আজ সেখানে বিপুল সংখ্যক পর্যটকের আগমন সত্যিই গর্বের বিষয় বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই বৌদ্ধ মেলাকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও বিভিন্ন স্টলের আয়োজন করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও পর্যটন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment