রাত তখন প্রায় দশটা। কাইচ্চাখলা এডিসি ভিলেজের নোয়াপাড়া। অভিযোগ, নির্বাচনী প্রচারে বেরিয়ে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বচসা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় হামলা-পাল্টা হামলার অভিযোগ।
বিজেপির অভিযোগ, মথা-সমর্থিত প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। মাথা, হাত ও পিঠে আঘাত পান পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন ননী দেববর্মা, প্রভাত দেববর্মা, দুর্গাধন দেববর্মা, সঞ্জয় মোহন দেববর্মা এবং আর আর বিপি। আহতদের মধ্যে নির্বাচনী প্রার্থীর এক ভাইও রয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ঘটনার সূত্রপাত নিয়ে উঠে এসেছে ভিন্ন দাবিও। বিজেপি কর্মীরা প্রচারের সময় একটি বাড়িতে নেশার আসরে জড়িয়ে পড়েছিলেন এবং সেখান থেকেই বচসার সূত্রপাত—এমন অভিযোগও রয়েছে। যদিও এই দাবির স্বাধীন সত্যতা এখনও স্পষ্ট নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা বলেন বিধায়ক বিন্দু দেবনাথ। পরে আহতদের মেলাঘর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। নির্বাচন যত এগোচ্ছে, ধনপুরে রাজনৈতিক সংঘর্ষের এই ঘটনা নতুন করে বাড়াচ্ছে উদ্বেগ।
