কমনওয়েলথ গেমসের ৪৮ কেজি জুডো বিভাগে দেশের প্রথম জুডোকা হিসেবে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। ফাইনালে তিনি কানাডার হেইডিক ওয়াচকে পরাজিত করে এই গৌরব অর্জন করেন। ২৩ বছর বয়সী অস্মিতা দে-র বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়।
শুক্রবার তার জয়ের খবর রাজ্যে পৌঁছাতেই দক্ষিণ ত্রিপুরাসহ গোটা রাজ্যে আনন্দের বন্যা বয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা—সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অস্মিতার সাফল্যের কিছুক্ষণ পরই আরও এক ভারতীয় জুডোকা হর্ষ সিং স্বর্ণপদক জয় করেন। এর ফলে জুডোতে ভারতের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ায় পাঁচে। সব মিলিয়ে এদিন ছয়জন ভারতীয় ক্রীড়াবিদ পদক নিশ্চিত করেন।
শনিবার অস্মিতাকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, রাজ্যের একজন কন্যা দেশের মুখ উজ্জ্বল করেছেন, যা সমগ্র ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, ত্রিপুরায় প্রতিভার কোনো অভাব নেই এবং অস্মিতা দে তার অসাধারণ সাফল্যের মাধ্যমে সেই সত্যকেই আরও একবার প্রতিষ্ঠিত করেছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, জিমন্যাস্ট দীপা কর্মকার যেমন রাজ্যের তরুণ প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছিলেন, তেমনি অস্মিতা দে-র এই ঐতিহাসিক অর্জনও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও অস্মিতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান
