হনুমান মূর্তি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চারিপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। পাশাপাশি, শাসক দলের নেতাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন পরিষদের নেতারা।
বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা জানান, শচীন্দ্রলাল এলাকায় অবস্থিত একটি শনি মন্দিরে বজরংবলীর একটি মূর্তি ছিল। অভিযোগ, দুষ্কৃতীরা ওই মূর্তির মাথা ভেঙে দেয়। ঘটনার খবর পেয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা ঘটনাস্থলে পৌঁছন। তবে তাঁদের অভিযোগ, তাঁরা সেখানে পৌঁছনোর আগেই ভাঙা মূর্তিটি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
পরিষদের সদস্যদের দাবি, গোটা ঘটনাটিকে হিন্দু সমাজের গুরুত্ব সহকারে দেখা উচিত। তাঁদের অভিযোগ, এই ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
পাশাপাশি, পরিষদের নেতারা অভিযোগ করেন, শাসক দলের কিছু নেতার আশকারায় দুষ্কৃতীরা প্রশ্রয় পাচ্ছে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মূর্তি ভাঙচুরের ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ
হনুমান মূর্তি ভাঙচুরের অভিযোগ, চারিপাড়া এলাকায় উত্তেজনা ও পথ অবরোধ
7